শেষ হলো চার দিনের সুকুক বিষয়ক কর্মশালা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও ইন্টারন্যাশনাল শরিয়াহ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফাইন্যান্স (ইসরা), মালয়েশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ইস্যুয়ান্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ’-এর সমাপনী পর্ব গতকাল মঙ্গলবার অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ফিকহ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। আন্তর্জাতিক অতিথি ও বক্তা ছিলেন ইসরা, মালয়েশিয়ার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন বিভাগের পরিচালক ড. সাঈদ বোহরাওয়া এবং বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের উপদেষ্টা শাহ্ আব্দুল হান্নান, আইসিবি ইসলামিক ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মো. ফরিদ উদ্দীন আহমাদ ও সোস্যাল ইসলামী ব্যাংকের এমডি কাজী ওসমান আলী।