বাংলাদেশি আম ও আনারসসহ খাদ্যসামগ্রী নিতে চায় তুরস্ক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

বাংলাদেশ থেকে আম, আনারসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিতে চায় তুরস্ক। গতকাল সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান সাক্ষাত্কালে এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি এবং ফুড প্রসেসিং নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন লক্ষ্য কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণ করা। সেজন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতে সরকার গুরুত্বারোপ করছে। তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান খাদ্য প্রক্রিয়াকরণসহ কৃষিক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন।