জেএমআই চেয়ারম্যান রাজ্জাক পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

করোনা প্রতিরোধে চিকিত্সায় নিয়োজিত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ব্যবহারের জন্য নকল এন-৯৫ মাস্ক সরবরাহের মামলায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুদক। গতকাল সেগুন বাগিচা এলাকা থেকে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. নূরুল হুদা আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর, মীর আহাম্মদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের এক আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করতে চান। ওকালতনামায় সাক্ষ্য না থাকায় আদালত তাকে শুনানি করতে দেননি। উল্লেখ্য, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ব্যবহারের জন্য নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে গতকাল সকালে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কেন্দ্রীয় ঔষধাগারের ছয় কর্মকর্তা ও জেএমআইর চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. নূরুল হুদা।