আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশ দুঃসময় পার করছে না, বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে। যেভাবে বিএনপি জনবিচ্ছিন্ন হচ্ছে, বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচনে ভরাডুবি হচ্ছে এবং জনগণ প্রত্যাখ্যান করছে—তা তাদের জন্য চরম দুঃসময় বটে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা এবং শিশু-কিশোরদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারি বিশ্ব জুড়ে সংকট সৃষ্টি করছে। সংকট মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত হলেও একটি দল অবিরাম সমালোচনা করে যাচ্ছে। করোনার সম্ভাব্য দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে তিনি বলেন, স্রষ্টার অপার কৃপা ও সরকারের অবিরাম প্রচেষ্টায় সংক্রমণ এখনো অনেকটা নিয়ন্ত্রণে। জীবন-জীবিকার সমন্বয় করে অর্থনীতি আবার সচল হতে শুরু করেছে, রপ্তানি, প্রবাসী আয়, রিজার্ভসহ অন্যান্য আর্থ-সামাজিক সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। অর্জিত হয়েছে ঈর্ষণীয় সমৃদ্ধি-এসব অর্জন বিএনপি দেখে না।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নিছক কোনো সরকার প্রধান নন, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। যার ভাবনায় পরবর্তী নির্বাচন নয়, তার ভাবনার আকাশ জুড়ে পরবর্তী জেনারেশন। তাই গ্রহণ করেছেন শত বছরের বদ্বীপ পরিকল্পনা।
ওবায়দুল কাদের বলেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সব সদস্যরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কে এম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, করোনাকালে দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তা স্মরণীয়। করোনাকালে স্বেচ্ছাসেবক লীগ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে। স্বেচ্ছাসেবক লীগের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের নবগঠিত কমিটি আপনারা অনেক আগেই জমা দিয়েছেন। আমার মনে হয়, তেমন অসুবিধা নেই। আমি খুব শিগিগরই নেত্রীর সঙ্গে আলাপ করে আপনাদের কমিটি ঘোষণার ব্যাপারটি দেখছি।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
