কাশিমপুর মহিলা কারা ফটকে মায়ের লাশ দেখলেন পাপিয়া

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া শেষবারের মতো কারা ফটকে মায়ের লাশ দেখলেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার জানান, সোমবার রাত ১০টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নেওয়া হয়। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। রাতে লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে       তার মায়ের মরদেহ দেখানো হয়। প্রায় ২০ মিনিট সময় মরদেহ কারাগারের গেটে ছিল।

উল্লেখ্য, বন্দির স্বজনদের মৃত্যুর পর লাশ নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দেখানোর ইতিপূর্বে কোনো নজির দেখা যায়নি।