সুধাংশু শেখর হালদার ছিলেন আপসহীন রাজনীতিবিদ ---------- প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৫

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সামরিক শাসক জিয়াউর রহমানের মৃত্যুর পর তার ছেড়া গেঞ্জি ও ভাঙা সুটকেসের আসল রহস্য সুধাংশু শেখর হালদার পার্লামেন্টের বক্তব্যে উদ্ঘাটন করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সামরিক শাসকরা তাকে মন্ত্রিত্ব দেওয়ার প্রলোভন দেখালেও তিনি তা প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছিলেন।

গতকাল মঙ্গলবার বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর হালদারের ১৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব তিনি এসব কথা বলেন। পিরোজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ ও সুধাংশু শেখর হালদার স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে পিরোজপুরের কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি বিমল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সমীর কুমার দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠু, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি প্রবীর মণ্ডল, সহসাধারণ সম্পাদক চন্দ্র শেখর, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল পাল, অধ্যক্ষ অলোক কর্মকার, লিটন কর, অসীত মজুমদার প্রমুখ।

মন্ত্রী বলেন, সুধাংশু শেখর হালদার ছিলেন একজন অকুতোভয় আপসহীন সত্ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। তিনি দুই বার সংসদ সদস্য নির্বাচিত হলেও কখনো টিআর, কাবিখার কমিশন নেননি বা নিয়োগবাণিজ্য করেননি।