বিশ্বে মৃত্যু ১০ লাখ ছাড়াল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৪

করোনা ভাইরাস মহামারিতে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মাইলফলককে দুঃখজনক বলে উল্লেখ করেছে। মোট মৃত্যুর অর্ধেকই ঘটেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। খবর বিবিসির

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারিটিতে মৃত্যু ১০ লাখ ৭ হাজার ৮৮৭ জনে দাঁড়িয়েছে। সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩১৭ জন এবং সুস্থ মানুষের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৮৬৩ জন। করোনা ভাইরাসজনিত অসুস্থতায় মৃত্যুর সংখ্যা ৫ লাখ থেকে মাত্র তিন মাসের মধ্যে দ্বিগুণ হয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২ লাখ ৫ হাজার ৬২ জনের। ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৮ জনের এবং তৃতীয় স্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা ৯৫ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ এ মোট মৃত্যুর প্রায় ৪৫ শতাংশ ঘটেছে এই তিনটি দেশে আর তিন ভাগের এক ভাগ ঘটেছে ল্যাটিন আমেরিকায়।    সেপ্টেম্বরের এ পর্যন্ত গড় মৃত্যুর ওপর ভিত্তি করে করা বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, প্রতি ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার ৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হচ্ছে। এই হিসাবে প্রতি ঘণ্টায় প্রায় ২২৬ জনের এবং প্রতি ১৬ সেকেন্ডে এক জনের মৃত্যু হচ্ছে। ৯০ মিনিটের একটি ফুটবল ম্যাচ দেখার মধ্যেই গড়ে ৩৪০ জনের মৃত্যু হচ্ছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা সম্ভবত আরো অনেক বেশি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।