এক দিনে আরো ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৮৮

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২

দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ২১৯ জন। এর মধ্যে ৭৭ দশমিক ৩৯ শতাংশ পুরুষ। আর ২২ দশমিক ২১ শতাংশ নারী। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন। আর ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৮৮ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ১১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪০৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার দশমিক ২৪ শতাংশ কম। দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৩৪ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন। সোমবারের চেয়ে গতকাল ৪৩ জন বেশি সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ।