বিশ্বে প্রতি ৯ জন মানুষের মধ্যে ১ জন অপুষ্টির শিকার হচ্ছে, যদিও প্রতি বছর ১০০ কোটি টনেরও বেশি উত্পাদিত খাবার সারা বিশ্বে নষ্ট হচ্ছে। ২০১৪ সালের পর থেকে পৃথিবীতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে—এমন বাস্তবতায় খাদ্য নষ্ট ও অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
‘বাংলাদেশের প্রেক্ষিতে খাদ্য নষ্ট এবং অপচয়’ শীর্ষক ওয়েবিনারে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ ওয়েবিনারের আয়োজন করে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান ওয়েবিনারে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মত্ নাজমানারা খানুম। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন এফএও ও ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন।
