ভুয়া মালিক সেজে জমি বিক্রি, ছয় জন গ্রেফতার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:১৪

ভুয়া মালিক সেজে রাজধানী ও আশপাশ এলাকায় জমি বিক্রির নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। চক্রের ছয় সদস্যকে গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরা হলেন—চাঁন মিয়া ওরফে আসলাম খান (৫০), আবু সাঈদ ওরফে শাহিন (৪৬), মাহরুজা নিপা (৫৭), সোহেল মিয়া (৪০), লুত্ফর রহমান (৫২) ও আলী হায়দার (৫৯)।

সিআইডি জানিয়েছে, এই চক্রের প্রধানের দায়িত্ব পালন করেন মাহরুজা নিপা। তার নেতৃত্বে চাঁন মিয়া জমির ভুয়া মালিক সাজেন এবং আবু সাঈদ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেন। সোহেল মিয়া নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে জাল বায়না দলিল প্রস্তুত করেন। লুত্ফর রহমান ও আলী হায়দার জমি বিক্রির দালাল হিসেবে রয়েছেন। এ চক্র সম্প্র্রতি খোরশেদ আলম চৌধুরী নামে এক ব্যক্তিকে কেরানীগঞ্জে ৪৪ শতাংশ জমি দেখায় বিক্রির জন্য। জমিটির ৪ কোটি ৭৯ লাখ টাকা মূল্য নির্ধারণ হয়। পরে খোরশেদের কাছ থেকে ৫৪ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনায় খোরশেদ গুলশান থানায় একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।