বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন শেখ হাসিনা :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:১৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা একে একে জাতির পিতার স্বপ্নগুলো বাস্তবায়ন করছেন। শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার উত্তরা সোনারগাঁও জনপথে ৭৪টি গাছের চারা রোপণের মাধ্যমে ‘পরম্পরা কানন’ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উত্তরার জনপথ রোডের জমজম টাওয়ার এলাকায় দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে সপরিবারে তিনি নিহত হন। তবে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্যই হয়তো সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি যখন দেশে ফেরেন, বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি কেঁদেছিলেন। তখন মানুষ বলছিল, ‘শেখের বেটি আসছে, দেশ এবার ঘুড়ে দাঁড়াবে।’ সেটিই হয়েছে। তিনি একে একে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, র?্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, সংসদ সদস্য শবনম শারমিন শিলা প্রমুখ।