খুব দ্রুতই সরকার পড়ে যাবে: রিজভী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:১৬

সরকারের অনাচার-নিপীড়নের প্রতি ইঙ্গিত করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাছে থেকে আইনশৃঙ্খলা বাহিনী আর রাষ্ট্রের শক্তি যদি সরে যায় তবে ওরা এতিম হয়ে যাবে। এত অন্যায়, এত পাপ, এত অত্যাচার ওরা করেছে। পাপের পাল্লা পূর্ণ হয়ে গেছে। সবাই সতর্ক থাকবেন, খুব দ্রুতই সরকার পড়ে যাবে।

গতকাল  মঙ্গলবার নয়াপল্টনে দলের কার্যালয়ের নিচ তলায় জিয়া মঞ্চের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকারের পতনের আওয়াজ কিন্তু উঠে গেছে চারদিকে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে যে সব ঘটনা ঘটছে এগুলো কিন্তু সরকার পতনের লক্ষণ। মেজর সিনহার বিচারবহির্ভূত হত্যা পতনের চিহ্ন। প্রতিবন্ধী মেয়েকে সম্ভ্রমহানী সরকারের পতনের লক্ষণ।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, জনগণের সঙ্গে থাকবেন। আমাদের সব চাইতে রক্ষার প্রাচীর হচ্ছে জনগণ। কারণ আমরা তো সত্যের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি। আমরা গুলি খাচ্ছি, তার পরও সত্য উচ্চারণ করছি। জুলুমকারীদের পক্ষে জনগণ থাকে না, থাকে মজলুমের সঙ্গে।

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন মত্স্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, ফিউচার অব বাংলাদেশের সভাপতি শওকত আজিজ প্রমুখ।