অর্থপাচারের মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানা বিশ্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও সোহেল রানার পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক শুনানি করেন।
গত ২০ সেপ্টেম্বর হাইকোর্ট সোহেলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করে। ঐ জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০১৮ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ প্রায় ৪৫ লাখ ৪৩ হাজার টাকাসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ। এছাড়া তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। পরে মানি লন্ডারিং আইনে মামলা করা হয় তার বিরুদ্ধে।
