গত এক বছরেও শেষ হয়নি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন শমশেরনগর-মৌলভীবাজার সড়কের ২০ কিলোমিটার সংস্কার কাজ। এতে যান চলাচল ব্যাহতসহ স্থানীয়রা দুর্ভোগ পোহাচ্ছে।
কমলগঞ্জের স্কুলশিক্ষক মানিক চন্দ্র পাল ও বিপ্লব ভূষণ দাস বলেন, বাধ্য হয়ে যাওয়া লাগে মৌলভীবাজার। একবার আসা-যাওয়া করলেই অসুস্থ হয়ে পড়ি। এক বছর যাবত্ রাস্তার কাজ শেষ হলো না। আর কত কষ্ট করতে হবে জানি না।
সরেজমিনে জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে সংস্কার কাজ শুরু হলেও চলতি বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে বড় বড় গর্ত ও পাথরের ঝাঁকুনিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, সংস্কৃতিকর্মী অমলেশ শর্ম্মা, শমশেরনগরের ব্যবসায়ী নিবাস পাল বলেন, গত এক বছরেও রাস্তার সংস্কার কাজ শেষ হয়নি। অথচ অসুস্থ কিংবা গর্ভবতী রোগীদের নিয়ে এই রাস্তায় যাতায়াত করা সম্ভব হয় না। অনেকে বাধ্য হয়েই শ্রীমঙ্গল শহর ঘুরে মৌলভীবাজারে আসা যাওয়া করেন। সওজ সূত্রে জানা যায়, ৩৩ দশমিক ৫ কিলোমিটার এই সড়কের ২০ কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে কাজ হবে। সিএনজি অটোরিকশাচালক রতন দে, বিল্লাল মিয়া বলেন, এই সড়কে গাড়ি চালাতে গিয়ে এখন গাড়ির নাম হয়েছে ‘ভাঙ গাড়ি’ আর যাত্রীদের দুর্ভোগের কারণে নাম দিয়েছেন ‘রোগী বানানোর সড়ক।’ গাড়ি বিকল ও যাত্রীদের অসহনীয় দুর্ভোগ নিয়েই চলাচল করছি।
সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, বৃষ্টির জন্য কাজ সম্পন্ন হয়নি। সড়কের ২০ কিলোমিটার কাজ পুনরায় শুরু হয়েছে। ঠিকাদারের পক্ষ থেকে কাজের সময় চেয়ে আবেদন করেছেন। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সড়কটি ইতিমধ্যে সরেজমিন পরিদর্শন করেছি এবং আগামী ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রকৌশলীসহ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
