গৃহবধূ ধর্ষণ মামলায় তারেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০২:১৩

এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহাভুক্ত আসামি তারেকুল ইসলাম তারেককে (২৮) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের শাহপরান থানা-পুলিশ তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক আবুল কাশেম তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মহানগর পু‌লি‌শের সহকারী ক‌মিশনার (প্র‌সি‌কিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত ক‌রেছেন।

রিমান্ড শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি জানিয়ে আদালতের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বলেন, বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে শতাধিক আইনজীবী অংশ নিলেও আসামিপক্ষে কোনো আইনজীবী অংশ নেননি। সর্বশেষ তারেককে রিমান্ডের নেয়ার মধ্য দিয়ে এই ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত ছয় আসামির সকলকেই ৫ দিন করে রিমান্ড পেলো পুলিশ। এছাড়া সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া আরো ২ জনকেও ৫ দিন করে রিমান্ডে নেওয়া হয়। এর আগে  মঙ্গলবার তারেকুল ইসলাম তারেককে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। 


ইত্তেফাক/এমএএম