নিয়ামতপুরে কলেজছাত্রীর চুল কাটা মামলার আরেক আসামি গ্রেফতার

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৩:২৮

নওগাঁর নিয়ামতপুরে কলেজছাত্রীর মাথার চুল কেটে, শারীরিক নির্যাতন ও অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের হুমকি মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক আসামি হলেন, উপজেলার বালাহৈর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের সহকারি পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় মান্দা উপজেলার দেলুয়াবাড়ী তার বন্ধুর বাসা থেকে রবিউলকে আটক করি।

তিনি আরও বলেন, রবিউল ইসলাম এজাহারভুক্ত আসামি না হলেও ভিডিও ফুটেজে ঘটনার সময় তাকে উপস্থিত দেখা গেছে। রবিউলকে আজ জেল হাজতে প্রেরণ করা হবে।

ইতোমধ্যে এই মামলার মূল আসামি রায়হান ও তার স্ত্রী রূপাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রায়হানকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম