মির্জাপুরে নবনির্বাচিত পৌর মেয়র সালমাসহ চার কর্মকর্তাকে সংবর্ধনা

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৪:৩৯

টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্বাচিত প্রথম নারী পৌর মেয়র সালমা আক্তার শিমুলসহ চার কর্মকর্তাতে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান।

বুধবার রাতে মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিলেন। সংবর্ধিতরা হলেন প্রয়াত জনপ্রিয় মেয়র মো. সাহাদত হোসেন সুমনের সহধর্মীনি নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কৃতি সন্তান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল এবং গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল মালেক মোস্তাকিম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় বর্তমান সরকার দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও অগ্রণী ভূমিকা রয়েছে। স্থানীয় সাংবাদিকদের আজকের সংবর্ধনা অনুষ্ঠানই তার প্রমাণ।

বিশেষ অতিথি মো. সায়েদুর রহমান বলেন, দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ এবং গণমাধ্যমকর্মী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে থাকেন। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা তার শ্রেষ্ঠ উদাহরণ।

সংবর্ধিত নবনির্বাচিত পৌর মেয়র সালমা আক্তার শিমুল বলেন, আমার স্বামী প্রয়াত মো. সাহাদত হোসেন সুমন ছিলেন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল একজন পৌর মেয়র। তিনি অকালে না ফেরার দেশে চলে গেছেন। বর্তমান সরকার, স্থানীয় আওয়ামীলীগ ও পৌরবাসি আমার উপর যে দায়িত্ব অর্পন করেছেন সকলের সহযোগিতায় অসমাপ্ত উন্নয়ন মুলক কাজ করতে চাই।

মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, জনগণের সেবার জন্য সরকার আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন দেশের উন্নয়নে সঠিক ভাবে কাজ করতে চাই। এ জন্য স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল বলেন, আমি মির্জাপুরের সন্তান। এলাকাবাসির দোয়া ও ভালবাসায় বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সরকার এবং জনগণ আমার উপর যে বিশাল দায়িত্ব দিয়েছেন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে সকলেল সহযোগিতায় কাজ করতে চাই।

মো. মোজাফ্ফর হোসেন বলেন, আমরা যার যার অবস্থান থেকে যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করি, তবেই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার সেই লক্ষ ও উদ্দেশে নিয়ে কাজ করে যাচ্ছেন।

ইত্তেফাক/এমআরএম