রাজশাহী সিটি রপোরেশন (রাসিক) ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের স্থাপিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর সিটি হাট এলাকায় কেন্দ্রীয় ডাম্পিং ইয়ার্ডের পাশে নির্মিত এই প্ল্যান্টের ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরে মেয়র প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন।
রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, রাজশাহী প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ডা. এস. এম. এ মান্নান, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শাহ, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলামসহ রাসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মেয়র বলেন, এতোদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উৎপাদিত বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে অপসারণ ও পরিশোধনের কোনো ব্যবস্থা ছিল না। মেডিকেল বর্জ্য জনস্বার্থের জন্য ছিল হুমকিস্বরূপ। এজন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে আমরা চুক্তি করি। প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্তদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। কোনো ক্লিনিক ও ডায়াগনস্টিক এর আওতার বাইরে থাকবে না। পরিচালনা ব্যয় নির্বাহে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক থেকে নূন্যতম ফি আদায় করবে প্রিজম। আগামীতে বাসাবাড়ি থেকে উৎপাদিত কঠিন বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরিত করতে প্রকল্প গ্রহণ ও আলাপ-আলোচনা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য সম্পদে পরিণত হবে।
উল্লেখ্য, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী অবকাঠামো নির্মাণ করেছে প্রিজম। প্রিজম প্রশিক্ষিত ও দক্ষ কর্মীদের মাধ্যমে দুইটি কাভার্ড গাড়িতে করে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে। এরপর ট্রিটমেন্ট প্ল্যান্টে অটোক্লেভিং, ইনসিনারেশন, রাসায়নিক জীবানুমুক্তকরণ, ডিপ বারিয়াল পদ্ধতিতে বর্জ্য পরিশোধন করছে। এছাড়া ট্রিটমেন্ট প্ল্যান্টে সৃষ্টি বর্জ্যপানি পরিশোধন করা হচ্ছে।
ইত্তেফাক/এসি
