‘মহলা মগন’ উঠান নাটকের মেলা

শেষদিনের মঞ্চে ‘ফাউস্ট অথবা অন্য কেউ’

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:১০

 

দীর্ঘদিন বিনোদনের অন্যান্য মাধ্যমের মতো বন্ধ ছিল মঞ্চনাটকও। অবশেষে মহিলা সমিতি মঞ্চে ‘লালজমিন’ দিয়ে শুরু হয় মঞ্চ প্রদর্শনী। এরপরই মঞ্চনাটকপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসে নাট্যদল প্রাচ্যনাট। ঘোষণা দেয় নাট্যমেলার। তারা আয়োজন করে ‘মহলা মগন’ উঠান নাটকের মেলা ২০২০। ‘অবসাদ বিরুদ্ধে স্রোত’—শ্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে। আজ শেষ হচ্ছে যাচ্ছে এই মেলা। শেষদিনের মঞ্চে সন্ধ্যায় এই আয়োজনে মঞ্চায়িত হবে ‘ফাউস্ট অথবা অন্য কেউ’। নাটকটির ভাবনা, তত্ত্বাবধান ও অভিনয়ে রয়েছেন তানজি কুন, চেতনা রহমান ভাষা, প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াত্, গোপী দেবনাথ, সাফায়াত খান, ফয়সাল ইবনে মিজান। আজ ও আগামীকাল পরপর দু’দিন সন্ধ্যায় সোয়া ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রতি প্রদর্শনীতে ২০ জন দর্শক নাটক দেখার সুযোগ পাবেন।

‘ফাউস্ট অথবা অন্য কেউ’ নাটকের গল্পে দেখা যাবে, ঈশ্বর নাকি তার সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করলেন মানুষকে। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় যাদের শ্রেষ্ঠতম হওয়ার কথা, তারা নিয়ামক হয়ে উঠলো যত ধ্বংসযজ্ঞ, যুদ্ধ আর হাহাকারের। মানুষ ভুল পথে চলে যায় ঠিকই, কিন্তু কোনো এক সময় ভুল বুঝতে পেরে আবার সঠিক পথেই ফিরে আসে, এটাই আশাবাদী স্রষ্টার আশাবাদ। মেফিস্টোফিলিস ঈশ্বরকে চ্যালেঞ্জ করে বলে, ঈশ্বরের সবচেয়ে অনুগত বান্দাকেও তার আনুগত্যের পথ থেকে সরিয়ে দেওয়া সম্ভব, কারণ মানুষ এমন এক সৃষ্টি, পশুত্বে যে পশুকেও হার মানায়! প্রকৃষ্ট জ্ঞানের অন্বেষণ ও ঈশ্বরের উপাসনায় নিবেদিত ফাউস্ট তার চারপাশের মানুষের বস্তুগত লোভ-লালসা আর স্বার্থপর জীবনযাপনে অসুখী, কিন্তু সেও মনে মনে চায় সাফল্য, সম্পদ আর সুনাম। সুখের লোভে তাড়িত হয়ে মেফিস্টোফিলিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ফাউস্ট, যদিও চুক্তির পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা কেউ জানে না।

আর এদিকে ঈশ্বর হয়তো আশা করে আছেন, ভুল পথে চলে যাওয়া মানুষেরা একদিন সঠিক পথে ফিরবেই। আজকের এই পুঁজিবাদ, বিশ্বায়নের যুগে এভাবেই কত শত মেফিস্টোফিলিস তাদের সাজানো পরিকল্পনার জালে জড়িয়ে ফেলে ফাউস্ট, মার্গারেট, ওয়াগনার, মার্থা অথবা অন্য কাউকে।