দ্রুত ইন্টারনেট পরিষেবা প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও সার্ভেল্যান্স সিস্টেম স্থাপন করার লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং আমরা নেটওয়ার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে। বেজার পক্ষে মহাব্যবস্থাপক মো. শোয়েব এবং আমরা নেটওয়ার্কের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ আহমেদ নূর স্মারকটিতে স্বাক্ষর করেন। সভায় সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সেবা ব্যতীত বিনিয়োগ আকর্ষণ করা কঠিন। বঙ্গবন্ধু শিল্পনগরকে একটি অত্যাধুনিক স্মার্ট সিটির রূপদানের জন্য বেজা পরিকল্পিতভাবে এগিয়ে চলেছে। এজন্য আসন্ন প্রাইড প্রকল্পে তথ্যপ্রযুক্তি এবং সার্ভেল্যান্স সংক্রান্ত উচ্চ প্রযুক্তিসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আইটি উদ্যোক্তাদের জন্য বঙ্গবন্ধু শিল্পনগরে যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কো, রিচমন্ড অথবা ভারতের বেঙ্গালুরু বা শিলিগুড়ির আদলে আইটি পার্ক গড়ে তোলার প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়েছে। এজন্য এখানে এডুকেশন ভিলেজ রাখা হয়েছে। বিশ্বব্যাংক টেকনোলজি সেন্টার গড়ে তোলার ব্যাপারে কাজ করছে এবং জাপানও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
