সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় দুই ডিলারসহ চার জনকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজারে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বিভাগ ও পুলিশ খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ তাদের আটক করে। পুলিশ জানায়, ডিলার মাসুক আলমের দোকান থেকে হিসাব বহির্ভূত ১৪ বস্তা ও আফসন নগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করা হয়। অন্যদিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ও তাহিরপুর থানার এসআই জহরলাল দাস জানান, আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম মুশফিকুর রহমান বাদী হয়ে দুই থানায় পৃথক মামলা দায়ের করেছেন।
