বগুড়ার ধুনট উপজেলার নিখোঁজ ইজিবাইকচালক মিনহাজ আলী শেখের লাশ শেরপুর উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। মিনহাজের বড় ভাই আব্দুল মমিন দাবি করেন, মঙ্গলবার বিকালে তার ভাই বোহালগাছা গ্রামের ফজলে রাব্বীকে যাত্রী হিসেবে নেন। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ফজলে রাব্বী বুধবার সকালে থানায় এসে সাধারণ ডায়েরি করতে চেয়েছিলেন। তার বক্তব্যে অসংগতি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, ছিনতাইকারী চক্র তাদের ছুরিকাঘাত করে মিনহাজকে ধানখেতে ফেলে যায়। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে।
