সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫৪

 

লালমনিরহাটে ওরিয়েন্টেশন কর্মশালা

লালমনিরহাট প্রতিনিধি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটের ১ লাখ ৮৮ হাজার শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য জানান। সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিপঙ্কর রায়, জেলা তথ্য অফিসার মো. মামুনুর রশিদ প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে বুধবার বিকালে কাজিরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিরবেড় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান তরফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহসভাপতি শেখ নিজাম উদ্দিন প্রমুখ।

খেতের পোকা দমনে আলোক ফাঁদ

ডোমার (নীলফামারী) সংবাদদাতা সোলার প্যানেলের সহায়তায় ডোমারে চলতি আমন খেতের পোকা দমন ও নির্ণয়ে আলোক ফাঁদ ব্যবহারে ব্যাপক প্রচার করছে উপজেলা কৃষি দপ্তর। পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে আলোক ফাঁদ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ডোমার পৌরসভার চিকনমাটি পুলেরপার এলাকায় কৃষক তৈয়বর রহমানের আমন ধান খেতে অস্থায়ী সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে আলোক ফাঁদ তৈরি করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা লায়লা নওশিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। বৃহস্পতিবার কেশবপুর মোড় হতে নৌকাযোগে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ইউপি পরিষদ চত্বরে এসে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘ত্রাণসামগ্রী’ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্যাকেট করা শুকনো খাবার বিতরণ করা হয়।

দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে বৃহস্পতিবার বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।

ভ্রাম্যমাণ আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে টেকনোলজি এমপাওয়ারম্যান্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাবের কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় মাসব্যাপী এ ভ্রাম্যমাণ আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।