নাসীরুদ্দীন তার বাড়ির বাইরে বাগানে কী যেন খুঁজছে। তাই দেখে এক পড়শী জিজ্ঞেস করলে, ‘ও মোল্লাসাহেব, কী হারালে গো?’
‘আমার চাবিটা’, বললে নাসীরুদ্দীন।
তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগল। কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলে, ‘ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা মনে পড়ছে?’
‘আমার ঘরে।’
‘সে কী! তাহলে এখানে খুঁজছ কেন?’
‘ঘরটা অন্ধকার’, বললে নাসীরুদ্দীন। ‘যেখানে খোঁজার সুবিধে সেইখানেই তো খুঁজব!’
সূত্র : সেরা সত্যজিত্
