যানবাহনের এলইডি লাইট ক্ষতিকর

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:০২

মোটরসাইকেল, ইজিবাইক, সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস ও ভ্যানসহ অনেক তিন চাকার বাহনে হলুদ রশ্মির আলোর পরিবর্তে তীব্র সাদা এলইডি লাইট চোখে পড়ে। বিশেষত মোটরসাইকেলে এটি বেশি  দেখা যায়। এ-ধরনের আলো ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এলইডি লাইটে উপকারের চেয়ে ক্ষতি বেশি। বিপরীত দিক থেকে আসা যে কোনো বাহনের চালকের চোখে এর তীব্র সাদা আলো অনেক সমস্যা তৈরি করে। চালককে সাময়িক অন্ধ করে দেয়। ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। চক্ষু বিশেষজ্ঞদের মতে, এলইডি লাইটের প্রভাবে চোখে ম্যাকুলা বার্ন হতে পারে। এই আলো দীর্ঘদিন সরাসরি চোখে লাগলে চোখের কর্নিয়া নষ্ট হওয়া বিচিত্র নয়। চোখে কম দেখা, চোখ ব্যথা করা এবং ধীরে ধীরে চোখকে অন্ধত্বের দিকে নিয়ে যায়। সড়ক দুর্ঘটনা কমাতে এই লাইটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

রাসেল খান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া