নবাবগঞ্জ ও শ্রীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:০৯

ঢাকার নবাবগঞ্জ ও গাজীপুরের শ্রীপুরে একইদিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সংবাদদাতারা জানান, গতকাল নবাবগঞ্জের মুন্সীনগর গ্রামে ছয় বছর বয়সি মেয়ে শিশু মাহিয়া পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। সে ঐ গ্রামের বাদশা মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, বড় বোনের সঙ্গে গোসল করতে যায় মাহিয়া। তাকে রেখে বড় বোন খানিক দূরে গেলে সে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। একই দিন শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে সামিয়া নামে চার বছর বয়সি আরেক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। পৌর এলাকার রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার শুক্কুর আলীর মেয়ে। তার মা জানান, সকাল ৯টা থেকেই সামিয়া নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে রেল মসজিদের পাশের পুকুরে তার লাশ ভেসে ওঠে।