গজারিয়ায় ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:১১

গজারিয়ায় একটি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অবস্থিত সুপার স্টার ফ্যান কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে গজারিয়া ফায়ার সার্ভিস ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় গজারিয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আহত হন। এ বিষয়ে কোম্পানির প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি অগ্নিকাণ্ডের বিষয়ে জানান, প্রতিষ্ঠানে কাজ চলাকালীন সময়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কারো বক্তব্য পাওয়া যায়নি।