এক জনের দোষ স্বীকার দুই জন রিমান্ডে

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:১৪

শেরেবাংলা নগর এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত চার আসামির মধ্যে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি দুই আসামির এক জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেকজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মাহবুবুল হক আসামিদের আদালতে হাজির করে শাহীন শেখ ও সোহেল হোসেনের সাত দিনের রিমান্ড এবং হায়দার আলীকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত  শিকদার দুই আসামির দুই  দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং হায়দার আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মুন্না নামে আরেক আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান আসামি মুন্নার জবানবন্দি রেকর্ড শেষে  তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর এলাকার বৌ বাজার মোড়ে এক বিকাশ এজেন্টকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ছিনতাইকারীরা। এরপর তার কাছে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঐ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হাসান বেপারীর স্ত্রী মদিনা আক্তার শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।