করোনায় থালায় ভাত কমে যাচ্ছে :মেনন

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:১৪

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, করোনায় কেউ না খেয়ে মারা যায়নি ঠিকই, কিন্তু থালায় ভাতের পরিমাণ কমে যাচ্ছে। কারণ বাজারে চাল থাকলেও প্রতিদিনই দাম বাড়ছে। খাদ্য নিরাপত্তা ও চালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে গতকাল  খাদ্যমন্ত্রীকে ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি দেওয়া উপলক্ষ্যে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে ভিডিও কলে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, করোনায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রবাসীরা খালিহাতে দেশে ফিরছেন। কিছুদিন পর এদের বাজার দরে চাল কেনা সম্ভব হবে না। অন্যদিকে, সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গুদামে যে চাল আছে তা দিয়ে কিছুদিনের জন্য প্রয়োজন মেটানো গেলেও, পুরোপুরি সম্ভব হবে না। সুতরাং করোনাকালে অথবা করোনা উত্তরকালে যে মানুষসৃষ্ট আরেকটি দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি হবে না সেটি বলা যায় না। তাই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠিন কিছু পদক্ষেপ নিতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, ঢাকা মহানগরের সদস্য রফিকুল ইসলাম সুজন, ছাত্রনেতা ফারুক আহমেদ রুবেল প্রমুখ। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর  স্মারকলিপি পেশ করেন।