চার দিন বিরতির পর শুরু হয়েছে জাতীয় দলের স্কিল ক্যাম্প। হঠাত্ মাঠে উপস্থিত সকলের গ্রুপ ছবি তুলতে অনুরোধ করেন মুশফিক।
এমন গ্রুপ ছবি তোলার উপলক্ষটা জানা গেল কিছুক্ষণ পরে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মুশফিক সবাইকে নিজস্ব ফাউন্ডেশন ‘এমআর১৫’-এর লোগো সংবলিত মাস্ক উপহার দিয়েছেন। কালো রঙের মাস্ক পরেই সবাই গ্রুপ ছবিতে ধরা পড়লেন।
পরে ব্যাটে-বলে ক্রিকেটারদের অনুশীলনটা অবশ্য দীর্ঘ হতে দেয়নি বৃষ্টি। আধা ঘণ্টা না যেতেই নামে বৃষ্টি। চার দিন বিরতির পর নেমে তাই পুরোপুরি অনুশীলনটা হয়নি। অনুশীলনে ঘাটতি থাকলেও আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মিরপুর স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন স্কিল ক্যাম্পে থাকা মুমিনুল-তামিমরা। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ক্রিকেটারদের দুটি দলে ভাগ করা হবে। প্রতিটি দলে ১২-১৩ জন করে থাকবে। আবু জায়েদ রাহী ছাড়া স্কিল ক্যাম্পে থাকা সব ক্রিকেটারই ম্যাচে অংশ নেবেন। করোনা নেগেটিভ হলেও রাহী পর্যবেক্ষণে থাকবেন।
দুই দিনের প্রস্ততি ম্যাচের মধ্য দিয়ে ছয় মাস সাত দিন পর ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দিনের হিসাবে ২০০ দিন। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে গত ১৬ মার্চ সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ক্রিকেটাররা। তারপর করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে দেশের অভ্যন্তরে সব ধরনের ক্রিকেট।
গত ১৯ জুলাই থেকে ধীরে ধীরে সচল হয় ক্রিকেট। মিরপুর স্টেডিয়ামসহ দেশের কয়েকটি স্টেডিয়ামে ক্রিকেটাররা স্বাস্থ্যবিধি মেনে একাকী অনুশীলন করেন। পরে গ্রুপ ও দলগত অনুশীলন শুরু হয়।
শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও জাতীয় দলের ক্যাম্প চালু থাকবে। টানা দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর ত্রিদলীয় সিরিজ শুরু হবে। এসব খেলা সফলভাবে সম্পন্ন হলে পরে করপোরেট লিগ অনুষ্ঠিত হতে পারে।
