বায়ার্ন মিউনিখ জার্মান সুপার কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম শিরোপা।
সাধারণত জার্মান কাপ আর বুন্ডেসলিগা জয়ীদের মধ্যে সুপার কাপের লড়াই হলেও বুধবার রাতের দ্বৈরথটা ছিল গেল মৌসুমের লিগজয়ী আর রানার্সআপদের। কারণ? বায়ার্ন যে জিতেছিল দুটো শিরোপাই!
তবে ম্যাচের আগে কিছুটা শঙ্কাও ছিল বায়ার্নের। গেল সপ্তাহেই যে দুরন্ত ফর্মে থাকা বায়ার্নকে মাটিতে নামিয়ে এনেছিল হফেনহেইম! সে ম্যাচে ৪-১ ব্যবধানে হেরে থামে বায়ার্নের ২২ ম্যাচ দীর্ঘ জয়যাত্রা।
ম্যাচে অবশ্য সে শঙ্কার ছাপ পড়তে দেয়নি কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কোরেন্তিন তোলিসো আর থমাস মুলারের গোলে ৩২ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় দলটি। তবে এরপরই বরুসিয়াকে ম্যাচে ফেরায় জুলিয়ান ব্রান্ডট আর আর্লিং হালান্ডের লক্ষ্যভেদ। ৮২ মিনিটে জশুয়া কিমিখের গোলে অবশ্য শেষ হাসিটা হেসেছে বায়ার্নই।
ম্যাচের পর কোচ ফ্লিকের প্রতিক্রিয়া, নিজেদের দোষেই শিরোপা খোয়াতে বসেছিল তার দল। তিনি বলেন, ‘কাজটা সহজ ছিল না আমাদের জন্য, বিশেষত দ্বিতীয়ার্ধে। ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলাম কিন্তু এরপর নিজেদের কাজটাই কঠিন করে তুলেছিলাম আমরা। তবে শেষমেশ ম্যাচটা আমরা জিতেছি, আর এটাই অর্থবহ। রবিবারের ম্যাচে আমাদেরকে সব দিকেই আরও ভালো হতে হবে।’
গেল আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ জিতে বায়ার্ন মিউনিখ ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে মৌসুমের তিনটি বড় শিরোপা নিশ্চিত করে, ছুঁয়ে ফেলে বার্সেলোনাকে। বুধবার রাতের এই জয়ে বার্সেলোনার আরেক কীর্তির কাছাকাছি চলে এসেছে কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ২০০৯ সালে মৌসুমে সম্ভাব্য ছয়টি শিরোপাই জেতে বার্সেলোনা। জার্মান সুপার কাপ জিতে পঞ্চম শিরোপাটি জেতা বায়ার্ন ডিসেম্বরে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ জিতলেই ছুঁয়ে ফেলবে কোচ পেপ গার্দিওলার বার্সেলোনার অবিস্মরণীয় কীর্তিকে।
