করোনামুক্ত হলেন রাহী

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:২১

অবশেষে করোনাকে হারালেন আবু জায়েদ রাহী। জাতীয় দলের এই পেসার করোনামুক্ত হয়েছেন। গত বুধবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন রাহী। গতকাল নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। গতকাল বিসিবির মিডিয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

তারপরও সতর্কতাবশত গতকাল জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি টেস্ট দলের এই নিয়মিত পেসার। বিসিবি একাডেমিতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দলের সঙ্গে টিম হোটেলেও উঠেননি। গত ২২ সেপ্টেম্বর করোনা ধরা পড়েছিল রাহীর।

বুধবার রাহী ছাড়াও ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, হোটেলকর্মী মিলে ১০৪ জনের নমুনা নেওয়া হয়েছিল। আশার কথা, সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। সবাইকে রেখেই তৈরি করা হয়েছে জৈব সুরক্ষা বলয়। বিসিবির মিডিয়া ম্যানেজার গতকাল জানিয়েছেন, সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে গতকাল অনুশীলনে যোগ দিয়েছেন ওপেনার সাইফ হাসান। ক্রিকেটারদের করা প্রথম করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পেয়েছিলেন তিনি। পরে নেগেটিভ রিপোর্ট পেলেও অনেক দিন অনুশীলন থেকে দূরে ছিলেন সাইফ হাসান। গতকাল মিরপুরের নেটে ব্যাটিং করেছেন এই তরুণ।