পাকিস্তানি গোলায় নিহত তিন ভারতীয় সেনা

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:২২

ভারত-পাকিস্তান সীমান্তে এলওসি বা প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি সেনাদের আক্রমণে তিন জন ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। আহত হন পাঁচ জন। ভারতীয় সেনা সূত্রে এ খবর জানানো হয়েছে। পাকিস্তানি সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে কিছু জানানো হয়নি। ভারত বলেছে, এর উপযুক্ত জবাব পাবে পাকিস্তান। খবর পিটিআই

দুটি পৃথক সংঘর্ষে তিন জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরেই সীমান্তে প্রবল গুলি-গোলা ছুড়ছে পাকিস্তান। ভারতীয় সেনাদের পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া হচ্ছে বলেও অভিযোগ। তারই আঘাতে কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুই জন ভারতীয় সেনার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

অন্যদিকে কাশ্মীরের পুঞ্চ সেক্টরেও একই ধরনের হামলার ঘটনায় এক সেনা জওয়ান নিহত হন এদিন সকালেই। সেখানেও এক জন আহত হয়েছেন। সেনা মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনার পরে ভারতও পাকিস্তানকে জবাব দিয়েছে। তবে ভারতের হামলায় পাকিস্তানের কোনো সেনার নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভারতের অভিযোগ, গত এক বছরে ৩ হাজার বার পাকিস্তানি সেনারা সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন। কিছুদিন আগেও পুঞ্চ সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে সংঘাত হয়েছিল। দুই পক্ষই সীমান্তের অন্য প্রান্তে বিপুল পরিমাণ গোলাগুলি চালিয়েছিল। তবে সেই ঘটনায় কারো মৃত্যু হয়নি। বিশেষজ্ঞদের বক্তব্য, বৃহস্পতিবারের ঘটনা বড় হয়ে গেল। তিন জন ভারতীয় সেনা নিহত হওয়ায় ভারত পালটা জবাব দেওয়ার চেষ্টা করবে। সেনা সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানকে এর উত্তর দেবে ভারতীয় সেনা।

এদিকে লাদাখে চীনের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘাত চলছে। গালওয়ানে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। এবার পাকিস্তান সীমান্তে ফের সেনা জওয়ান নিহত হলেন। বিশেষজ্ঞদের বক্তব্য, সেনাবাহিনীর মনোবল খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাহিনীর কেউ নিহত হলে তার উপযুক্ত জবাব দিতে না পারলে বাহিনীর মনোবল ভেঙে যায়। গালওয়ানের পর ভারতীয় সেনারা চীনকে সেভাবে উত্তর দিতে পারেনি। এবার পাকিস্তান সীমান্তে ক্ষয়ক্ষতির পরে সেনারা আরো বেশি করে উত্তর দিতে চাইবে। ফলে সীমান্তে আপাতত উত্তেজনা প্রশমনের কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না।