সাভারের নীলা হত্যা

প্রেম প্রত্যাখ্যানের কারণেই হত্যার কথা স্বীকার করেছে মিজান

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২২:২৪

সাভারের চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি মিজানুর রহমান (২০)। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়।

গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে তিনি এই জবানবন্দি দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক নির্মল কুমার দাস।            সাভার মডেল থানার পুলিশ সাত দিনের রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপরে আদালতে হাজির করে। পুলিশের রিমান্ডে তিনি হত্যাকাণ্ডের ব্যাপারে নানা তথ্য এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার জনৈক পারভেজের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে মিজানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নীলা রায় হত্যাকাণ্ডে ব্যবহূত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের চারিগ্রাম এলাকা থেকে মিজানের বাবা আবদুর রহমান চৌধুরী ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

গত ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ভাইয়ের সঙ্গে রিকশাযোগে হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে বাসায় ফেরার পথে রিকশার গতি রোধ করে ভাইয়ের সামনে থেকে তাকে নিয়ে যান মিজান। পরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে নীলাকে হত্যা করেন তিনি।