রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি দাবি করেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তার ওপর বিষ প্রয়োগের নির্দেশ দিয়েছেন। তিনি রাশিয়ায় ফেরারও অঙ্গীকার করেছেন। খবর সিএনএনের।
জার্মানির জনপ্রিয় পত্রিকা ডের স্পিগেলকে দেওয়া সাক্ষাত্কারে নাভালনি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট পুতিনই আমার শরীরে বিষ প্রয়োগের নির্দেশ দিয়েছেন। এছাড়া এ বিষয়ে আমার কাছে আর কোনো ব্যাখ্যা নেই।’ তিনি বলেন, তার শরীরে নোভিচেক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। এটা ফ্রান্স এবং সুইডেনের ল্যাবে প্রমাণিত হয়েছে। নাভালনি এই বিষ সম্পর্কে বলেন, ‘এটা এমন একটা বিষ যাতে আপনার শরীরে ব্যথা অনুভব হবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি মারা যাচ্ছেন। এ বিষে সাধারণত কেউ বাঁচে না উল্লেখ করে নাভালনি বলেন, ‘আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। কারণ আমাকে দ্রুত চিকিত্সা দেওয়া সম্ভব হয়েছে।’
নাভালনি আরো জানান, এই বিষ এসেছে রাশিয়ার তিনটি প্রধান গোয়েন্দা সংস্থার প্রধানদের কাছ থেকে। আর তারা প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বেই চলেন। গত ২০ আগস্ট সার্বিয়া যাওয়ার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে জার্মানির চ্যারিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নাভালনি সুস্থ আছেন। তিনি রাশিয়ায় ফিরবেন বলে জানিয়েছেন। যদিও তার মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ায় নাভালনির ফ্ল্যাট সিল করা হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।
