রাজধানীর খিলগাঁওয়ে বাসায় জঙ্গি হামলায় নিহত ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় ওরফে নিলয়কে কুপিয়ে হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের রমনা জোনাল টিম। অভি-যোগপত্রে জঙ্গি মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হকের নাম রয়েছে।
ডিএমপির উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা নিলয় হত্যা মামলার ঘটনায় জড়িত ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে। এদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে। অন্য অভিযুক্তরা হলেন মাসুম রানা, সাদ আল নাহিন, কাওসার হোসেন খান, কামাল হোসেন সরদার, মাওলানা মুফতি আব্দুল গফ্ফার, মর্তুজা ফয়সল সাব্বির, তারেকুল আলম ওরফে তারেক, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, আরাফাত রহমান ও শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।
২০১৫ সালের ৭ আগস্ট খিলগাঁওয়ের নিজ বাসায় খুন হন নিলয়। এই ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা হয়। আসামিদের মধ্যে খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল ও শেখ আব্দুল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে ঘটনার মূল হোতা আসামি মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হকের নাম আসে এবং নিজেদের আনসার আল ইসলামের সদস্য বলে পরিচয় দেয়।
