প্রায় এক মাসের চিকিত্সায় ‘অনেকটা সুস্থ’ হয়ে ওঠার পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানমকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ছুটি দিয়ে পাঠানো হয়েছে মিরপুর সিআরপিতে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ওয়াহিদাকে। এর পরপরই তাকে মিরপুর সিআরপিতে নিয়ে যাওয়া হয়।
তার চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. জাহেদ হোসেন সাংবাদিকদের বলেন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা এখন ‘ভালো’। এক মাস পর তাকে আবার হাসপাতালে গিয়ে দেখিয়ে যেতে বলেছেন চিকিত্সকরা। তিনি যখন প্রথম এখানে আসেন, তখন অপারেশন করার মতো অবস্থায় ছিলেন না। আমরা তাকে অপারেশন করার মতো অবস্থায় আনি। এরপর তার অস্ত্রোপচার হয়। অপারেশনের পর ডান দিক নাড়াতে পারছিলেন না। তবে এখন তিনি হাঁটতে পারছেন।
ওয়াহিদার শারীরিক অবস্থা এখন ‘ভালো’ হলেও তিনি শতভাগ সেরে ওঠেননি জানিয়ে ডা. জাহেদ হোসেন বলেন, এ কারণে ফিজিওথেরাপির জন্য তাকে আমরা সিআরপিতে পাঠিয়েছি। এখনো যে সমস্যা সামান্য আছে, সেটা দুয়েক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। নিউরোসায়েন্স হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি ওয়াহিদা খানম।
হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম বলেন, ওয়াহিদা খানমের একটা জটিল অপারেশন সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এক মাসের মধ্যেই তিনি হেঁটে হাসপাতাল থেকে যেতে পারলেন। এটা নিউরোসার্জারিতে বিস্ময়কর না হলেও তার জন্য অনেক বড় পাওয়া।
গত ২ সেপ্টেম্বর রাতে ইউএনও-এর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।
