স্পিকারের সঙ্গে সিপিএ সেক্রেটারি জেনারেলের ভার্চুয়াল মতবিনিময়

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২৩:১৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সেক্রেটারি জেনারেল স্টিফেন টুইগ সিপিএ হেডকোয়ার্টার থেকে গতকাল বৃহস্পতিবার ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মতবিনিময় করেন। 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতবিনিময়কালে তারা বাংলাদেশ জাতীয় সংসদ ও সিপিএর পারস্পরিক সহযোগিতা, সিপিএর বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশের এমপিদের অংশগ্রহণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। এ সময় স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের উত্তরণে সিপিএর সার্বিক সহযোগিতা বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে শক্তিশালী করবে।

টুইগ বলেন, সিপিএর বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের অংশগ্রহণ ইতিবাচক। মানবতার দুয়ার খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।