চিনিশিল্প বন্ধের প্রক্রিয়ার প্রতিবাদ চিনিকল করপোরেশন শ্রমিক কর্মচারীদের

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০০:২৩

চিনিশিল্প বন্ধের প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চিনিকল করপোরেশন শ্রমিক- কর্মচারী ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, চিনি শিল্পকে আধুনিকায়নের নামে বন্ধ করার প্রক্রিয়া চলছে। এমনকি রংপুর চিনিকলের অন্তর্ভুক্ত সাহেবগঞ্জ ইক্ষু খামার বেসরকারি খাতে হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে চিনিশিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্রাচ্যুইটির টাকা প্রদান ও চাষিদের আখের মূল্য প্রদানসহ অধিকতর আখ উত্পাদনের জন্য সার, বীজ প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে প্রদানের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মা. মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।