জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত সৌদি আরবে পাঠিয়ে আমাদের প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করতে হবে। এরই মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সৌদি গমনেচ্ছুরা এখনো টিকিট পাননি। তাদের জীবনজীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারকে বিবেচনা করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে টেপা কমপ্লেক্সে জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত কথাসাহিত্যিক মোহাম্মদ আতাউর রহমান রেশনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, প্রয়াত আতাউর রহমান রেশন ছিলেন পণ্ডিত ব্যক্তিত্ব। তিনি নিজেই শুধু শিক্ষিত ছিলেন না, শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করেছেন। স্মরণসভায় আলোচনা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন ও জহিরুল ইসলাম জহির, জাপা নেতা ডা. নূরুল আজহার, আরিফুর রহমান খান, শেখ আলমগীর হোসেন ও গোলাম মোহাম্মদ রাজু, ২০ দল নেতা ও সাবেক এমপি আহসান হাবীব লিংকন, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ। এর আগে জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার বড় ভাই, কথাসাহিত্যিক, গৌরব ’৭১ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, নিউ ইয়র্ক বাংলা স্কুল ও বাংলা বইঘরের প্রতিষ্ঠাতা আতাউর রহমান রেশনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
