কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির দফাদারপাড়া গ্রামে ঋণের কিস্তি আদায়কালে গ্রামীণ ব্যাংকের এক সুপারভাইজারকে গলা কেটে হত্যা করা হয়েছে। নুরুজ্জামান (৩৮) নামে ঐ সুপারভাইজার গ্রামীণ ব্যাংক হোসেনাবাদ শাখায় কর্মরত ছিলেন। তিনি দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামে আব্দুল মোতালেবের ছেলে।
থানা পুলিশ ও গ্রামীণ ব্যাংক হোসেনাবাদ শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নুরুজ্জামান কিস্তি আদায়ের জন্য দফাদারপাড়া ১২ নম্বর কেন্দ্রে যায়। সেখানে মমিন দফাদারের স্ত্রী হীরা খাতুনের অনেকগুলো কিস্তি বাকি থাকায় তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মমিন দফাদার নুরুজ্জামানকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে টয়লেটের মধ্যে ফেলে রেখে বাড়িতে তালা ঝুলিয়ে সকল সদস্য পালিয়ে যায়।
নুরুজ্জামানের চাচাতো ভাই শাওন জানান, সন্ধ্যা হলেও তার কোনো খোঁজ না পেয়ে হোসেনাবাদস্থ ব্যাংকে এলে জানা যায়, তিনি কিস্তি আদায় করতে গিয়ে আর ফিরে আসেনি। এরপর থানায় খবর দিলে অনুসন্ধান করে ঐ বাড়ির দরজা ভেঙে টয়লেট থেকে গলাকাটা অবস্থায় নুরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়।
