পাহাড় কেটে ছরা থেকে বালি উত্তোলন, ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৯:৫৮

কক্সবাজারে সরকারি সংরক্ষিত বনের মাঝে প্রবাহিত ছরার পাশের পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও ১শ' ফুট পাইপ জব্দ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগের কর্মকর্তারা। অভিযান কালে ঘটনায় জড়িতরা পালিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে পিওআর বন মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরঘোনা বিট কর্মকর্তা জাকের আহামদ। 

শুক্রবার (২ অক্টোবর) সকালে কক্সবাজার সদর উপজেলার মেহেরঘোনা রেঞ্জের মাছুয়াখালী বনবিটের কানছিরাঘোনায় মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মো: মামুন মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মেহেরঘোনা, কালিরছরা বিটের কর্মকর্তা-কর্মচারি ও ভিলেজাররা অংশ নেন।

মামলার আসামী হলেন, রামু উপজেলার রশিদ নগরের ৪ ওয়ার্ডের মৃত ছৈয়দুর রহমানের ছেলে মোহাম্মদ জালাল।

আরো পড়ুনঃ মাগুরায় ৫৭৭ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মো: মামুন মিয়া বলেন, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে মেশিন বসিয়ে স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে আসছিল। গোপনে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন সেলো মেশিন, ১০০মিটার পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তবে অভিযানের বিষয়ে টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একজনের নাম পাওয়ায় তাকে প্রত্যক্ষ এবং আরো কয়েকজনকে পরোক্ষ আসামী করে বন আইনে মামলা করা হয়েছে।    

বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পাহাড়ের ভেতর চলমান ছরা থেকে অনিয়ন্ত্রিত বালি তোলা হলে পাহাড় ধ্বসের শঙ্কা থাকে। এটি বনভূমির জন্য ক্ষতিকর। তাই কাউকে বনের ভেতর ছরা থেকে বালি উত্তোলনের অনুমতি দেয়া হয় না। এরপরও যারা অবৈধভাবে বালি তোলার চেষ্টা করেন তাদের আইনের আওতায় আনা হয়। বন ও পাহাড় রক্ষায় ওই অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

ইত্তেফাক/এমএএম