সাভারের পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের দুইটি কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনাকালীন সময়ে দরিদ্রদের মাঝে বিতরণ এবং বন্যার্তদের জন্য বরাদ্দ করা ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ওই বিদ্যালয়ের ১০৬ নম্বর কক্ষ থেকে ৪৯ বস্তা শুকনো খাবার ও শিশু খাদ্য এবং পাশের কক্ষে রাখা ১০ কেজির ৫২ প্যাকেট ভিজিএফ এর চাল জব্দ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক।
এলাকাবাসীরা অভিযোগ করেন, সরকারী এসব ত্রাণ সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যেই বিদ্যালয়ের দুটি কক্ষে মজুদ করে রাখা হয়েছিলো। সময়মতো এসব ত্রাণ সামগ্রী বিতরণ না করে স্বজন প্রীতির মাধ্যমে তারা নিজেদের পছন্দের লোকদের ত্রাণ দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
আরো পড়ুনঃ চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি, ১০ হাজার মানুষ পানি বন্দী
পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের কোন গুদাম না থাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমরা নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুলের দুটি কক্ষ ব্যবহার করে থাকি। ৪৯ জন ব্যক্তির লিস্ট করা হলেও তারা সময়মতো ত্রাণ নিতে না আসায় সেগুলো রয়ে গেছে। এবিষয়ে প্রশাসন যে সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মেনে নিবো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক জানান, সরকারি বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী পাথালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ না করে স্থানীয় একটি বিদ্যালয়ের কক্ষে মজুদ করে রাখার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই এবং বিদ্যালয়ের ১০৬ নম্বর কক্ষ থেকে ৪৯ বস্তা শুকনো খাবার ও শিশু খাদ্য এবং পাশের কক্ষে রাখা ১০ কেজির ৫২ প্যাকেট ভিজিএফ এর চাল জব্দ করি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, উদ্ধারকৃত সরকারী ত্রাণ সামগ্রীগুলো জব্দ করা হয়েছে। যেগুলো নির্দিষ্ট সময়ে বিতরণ করার কথা থাকলেও তারা করেনি। এবিষয়ে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ এবং পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমএএম
