মির্জাপুর গরীবের খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা চালসহ আটক ১

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২০:৩১

টাঙ্গাইলের মির্জাপুর গরীবের খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা চালসহ টুলু মিয়া (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তার বাবার নাম মো. বান্দু মিয়া। গ্রামের বাড়ি মহেড়া গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত পাচারকারী চক্রের মূলহোতা ডিলার আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন (৪৬) ও যুবলীগ নেতা ফজল (৩৮) পলাতক বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শুক্রবার মির্জাপুর উপজেলার এক নম্বর মহেড়া ইউনিয়নের মহেড়া বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাচারের ঘটনা ঘটেছে। 

থানায় মামলার পর আটক টুলু মিয়া পুলিশের কাছে বলেছেন, এলাকার যারা ভিজিএফ ও ভিজিডির চাল পেয়েছেন তিনি তাদের কাছ থেকে অল্প কিছু চাল কিনেছিলেন। বাকি চাল কিভাবে তার দোকানে এসেছে এ বিষয়ে তিনি বলতে পারছেন না।

মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের মূল ডিলার আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন। মহেড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আহবায়ক মো. ফজল মিয়ার সঙ্গে যোগ সাজস করে তিনি দীর্ঘ দিন ধরে নানা কৌশলে চাল নয়ছয় হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। আজ শুক্রবার গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে মহেড়া বাজারের টুলু মিয়ার লাড়কির দোকান থেকে ১০ টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাচার হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচারের সময় ৭০ বস্তা চালসহ টুলু মিয়াকে আটক করে মির্জাপুর থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডিলার আলমগীর ও যুবলীগ নেতা ফজল মিয়া বলে অভিযোগ উঠে। 

মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৭০ বস্তা চালসহ একজনকে আটক করা হয়েছে। মূলহোতারা রয়েছে ধরাছোয়ার বাইরে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।

খাদ্য বান্ধব কর্মসূচির মহেড়া ইউনিয়নের ডিলার মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর খাদ্য অফিস থেকে ৫২০ বস্তা চাল উত্তোলন করে সরকারি বিধি মোতাবেক ৫১৬ বস্তা কার্ডধারীদের মাঝে বিতরণ করে দিয়েছি। তিনি দাবি করেন, অনেক কার্ডধারী চাল উত্তোলনের পর বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়। তিনি ও তার কোনো সহযোগি চাল পাচারের সঙ্গে জড়িত নন বলে অভিযোগ অস্বীকার করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, ৭০ বস্তা চালসহ টুলু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। উপপুলিশ পরিদর্শক মো. রাসেল মিয়া বাদী হয়ে রাতে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/কেকে