চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহরে স্থানীয় জনতার হাতে দুইটি ‘ফিশিং ক্যাট’ আটকের ঘটনা ঘটেছে। ফিশিং ক্যাটের আক্রমণে আহত তিন জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা মেছো বাঘ ভেবে আটক করলেও বন বিভাগের স্থানীয় কর্মকর্তা আটক প্রাণী দুটোকে ‘ফিশিং ক্যাট’ বলে শনাক্ত করেন। শুক্রবার সকালে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেছো বাঘ একটি ছাগলকে আক্রমণ করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সমবেত হয়ে স্থানীয় কবরস্থান এলাকায় তল্লাশি চালিয়ে প্রাণী দুটোকে আটক করে। এ সময় প্রাণী দুটোর আক্রমণে লিটন বিশ্বাস (৩০), এনামুল হক (৩২) ও আনিসুর রহমান (২৮) আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আটকের সময় একটি ফিশিং ক্যাটের মৃত্যু ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা বন কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পরীক্ষানিরীক্ষা করে জানায়, এ দুইটি প্রাণী আসলে ‘ফিশিং ক্যাট’ বা বনবিড়াল। মেছো বাঘ নয়। তিনি জানান, জীবিত ও মৃত দুইটি প্রাণীকেই পাবনা জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিয়ে গেছেন। রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরে হস্তান্তর করা হবে।
