সৈয়দপুরে গোখাদ্যের দাম চড়া

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২১:৩৫

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের পশু খাদ্যের দাম। বিশেষ করে এক সপ্তাহের ব্যবধানে খড়ের মূল্য বৃদ্ধি পেয়েছে তিন গুণ। গৃহস্থ আবুল জানান, গত সপ্তাহে যে খড় ৪০০ টাকা পণ (৮০ আঁটি) ছিল তা আজ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। খামার মালিক জামিল আশরাফ বলেন, গত বছর সংগ্রহকৃত খড়ের মজুত শেষ হওয়ায় চরম বিপাকে পড়েছি। খড় বিক্রেতা আব্দুল্লাহ জানান, পর পর কয়েক দফায় বন্যা ও অতিবৃষ্টির কারণে গৃহস্থের খড় নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। অন্যদিকে চাহিদা বাড়ায় দাম বাড়ছে।