স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলায় দূর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের দুইটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ বস্তা (সাড়ে ৮ হাজার কেজি) সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সালমা আকতার ও পুলিশ এসব চাল উদ্ধার করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আকতার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের কুশা ফকিরের ছেলে আসালত (৪৫) এবং একই গ্রামের আব্দুল্লাহ মোল্লার ছেলে মিনহাজুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের বাড়িঘর তল্লাশি করেন। এ সময় গাবতলী মডেল পুলিশ, দূর্গাহাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু ও গ্রামের লোকজনের উপস্থিতিতে আসালতের বাড়িঘর তল্লাশি করে ৫০ কেজি ওজনের ৫০ বস্তা (২ হাজার ৫০০ কেজি) চাল এবং মিনহাজুলের ঘর থেকে ১২০ বস্তা (৬ হাজার কেজি) চাল উদ্ধার করেন। চালগুলো উপজেলা সহকারী কমিশনার ভূমি সালমা আকতারের নির্দেশে রাতেই অটোভ্যানযোগে উপজেলায় নিয়ে আসা হয়। চালগুলো কোথা থেকে ক্রয় করা হয়েছে তা জানা যায়নি। চাল উদ্ধার চলাকালে আসালত ও মিনহাজুল পলাতক ছিলেন।
