কুমিল্লা মুরাদনগর উপজেলায় ১২৫ ক্যান বিয়ারসহ মহসিন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকার কলেজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মহসিন উপজেলার পৈয়াপাথর গ্রামের নবী হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকার কলেজ সুপার মার্কেটের সামনে মাদক পাচারকারী চক্রের একটি দল বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অবস্থান করছে; এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ১২৫ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী মহসিনকে আটক করে।
আরো পড়ুন: মামার বাড়িতে মাসির মদদে গণধর্ষণের শিকার কিশোরী
এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কেএম মনজুর আলম বলেন, গ্রেফতারকৃত মহসিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
