কঙ্গোর এয়ারপোর্ট সুরক্ষার দায়িত্ব পেলেন বাংলাদেশের নারী পুলিশ

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:১৩

বিশেষ প্রতিনিধি

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) মনুস্কো এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত এই এয়ারপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪-এর নারী শান্তিরক্ষীরা। এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।

তিনি আরো বলেন, কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতো এবারও আমরা সফল হব।