কেরানীগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:১৭

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় পাঁচ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির ভাড়াটিয়া লিটন আইসক্রিম দেওয়ার লোভ দিয়ে তার রুমে নিয়ে ঐ শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিত্কারে বাড়ির লোকজন এসে ধর্ষক লিটনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ এবং ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, শিশুটিকে মিটফোর্ড হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। ধর্ষিতার পিতা বাদী হয়ে শুক্রবার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত লিটন পটুয়াখালী জেলার বাউফল থানার জাহাঙ্গীর দুলালের ছেলে। পুলিশ শুক্রবার দুপুরে লিটনকে আদালতে চালান করেছে।